গেল রোববার রাত থেকেই শুরু হয়েছে আলিয়া ভাটের জন্মদিনের উৎসব। বলিউডের তারকা নির্মাতা করণ জোহর ১৪ মার্চ রাতে আলিয়ার জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আদিত্য রায় কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, আয়ান মুখার্জি, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ আরও অনেকে। ১৫ মার্চ ২৮-এ পা রাখলেন বলিউড অভিনেত্রী আলিয়া। তবে মোটেও জন্মদিন উদযাপনের মোডে নেই তিনি। প্রেমিক রণবীর কাপুর করোনায় আক্রান্ত। তাই একটু মনমরা তিনি।
শিশুশিল্পী হিসেবে আলিয়া পা রেখেছিলেন বলিউডে। ‘সংঘর্ষ’ ছবিতে প্রথম দেখা গিয়েছিল তাঁকে। তখন তাঁর বয়স মাত্র ছয়। নায়িকা হিসেবে তাঁর প্রথম আবির্ভাব করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে। এরপর ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘বাদরিনাথ কি দুলহানিয়া’, ‘রাজি’, ‘গাল্লি বয়’–এর মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। পেশাগত জীবনের বাইরে গিয়ে আলিয়ার ব্যক্তিগত জীবনে উঁকি দিলে দেখা যাবে, তাঁর সম্পদের পরিমাণ ৭৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ৮৬ কোটি ৩৯ লাখ টাকার সমান। সেই হিসাবে আর মাত্র ১৩কোটি ৬১লাখ হলেই আলিয়া হবেন শতকোটির মালিক।
আলিয়াকে শিগগির দেখা যাবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিতে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবিতে তাঁকে অপরাধজগতের বিখ্যাত এক নারী ডনের চরিত্রে দেখা যাবে। এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করছেন আলিয়া। সম্প্রতি এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া প্রেমিক রণবীরের সঙ্গে আলিয়া প্রথমবারের মতো পর্দায় আসতে চলেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে।
