বিদ্যুৎ না থাকায় অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তা আহত

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। এ সময় পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে মারধরের অভিযোগও উঠেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পিডিবি কার্যালয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। একপর্যায়ে হামলা ও ভাঙচুর চালায় তারা।

স্থানীয়দের অভিযোগ, এক মাস আগেও ট্রান্সফরমার নষ্ট হলে পুরনো ট্রান্সফরমার দিয়ে লাইন সচল করা হয়। ৭ দিন আগে আবার নষ্ট হয়ে যায়। পুরোনো ট্রান্সফরমার দেয়ার কারণেই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাই নতুন ট্রান্সফরমারের জন্য ৫০ হাজার টাকা দেয়া হলেও এখন পর্যন্ত এলাকা বিদ্যুৎ শূন্য। গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

ট্রান্সফরমার সংকটের কারণে নতুন ট্রান্সফরমার দিতে দেরি হয়েছে। পুরনো ট্রান্সফরমার আসায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হামলা চালান বলে জানিয়েছেন পিডিবি  ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আবাসিক প্রকৌশলী দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন সরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *