বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মৎস্য ভবনের সামনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মা-মেয়ে আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে মা রিজিয়া বেগমকে (৬০) চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক সোয়া ৫টার দিকে রিজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আবুল হাসান বলেন, আমার মা, বোন আমিসহ রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হয়। দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক আমার মাকে মৃত ঘোষণা করেন। আমার বোন রিনা আক্তার (৩০) চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, আমার বাসা থেকে আমার মা মিরপুরে বোন রিনার বাসায় যাবার জন্য রাস্তা পার হচ্ছিলাম, মিরপুরের গাড়ীতে উঠার জন্য।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী গ্রামের আব্দুর রশিদ খানের স্ত্রী। দুই ছেলে দুই মেয়ের জননী ছিলেন তিনি। তিনি আট দিন আগে ঢাকায় চিকিৎসার জন্য ছেলের বাসায় আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *