এমএ কাইয়ুম মাইজভান্ডারি( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সীমানাবর্তী নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগে কমপক্ষে তিনজন আহত হবার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোস্তফা মহসীন এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, “খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।”
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, “আগুনে তিনজন গুরুতর আহতের খবর পেয়েছি। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
আহত তিনজন হচ্ছেন ইকবাল (৩০), মতিয়ার (২২) ও রাকিব (২৪)। তাদের সকলের বাড়ি ফরিদপুরের সালথা।
