প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেয় তা তিনি বাস্তবায়ন করেন: আমান উল্লাহ আমান

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেয় তা তিনি বাস্তবায়ন করেন। নির্বাচনের পূর্বে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পরে সেগুলো একে একে তা তিনি বাস্তবায়ন করতে শুরু করেছেন। ইতিমধ্যেই তিনি দরিদ্র ও অসহায়দের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করেছেন। কৃষকদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। মসজিদের ইমাম, খাদেম, মোয়াজ্জিন ও হিন্দু সম্প্রদায়ের পুরোহিতের উৎসব ভাতা প্রদান করেছেন। সারাদেশে খালখনন কর্মসূচি শুরু করেছেন। আগামীতে দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই তিনি করবেন। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের আকছাইল খেলার মাঠে আকছাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে যারা ঘরছাড়া করেছিলেন তাদেরকে আল্লাহ দেশ ছাড়া করেছেন। কেরানীগঞ্জে কোন মাদক, চাঁদাবাজি ও ভূমি দস্যুতা থাকবে না। মাদক সমস্ত অপকর্মের হোতা। মাদক সংসারকে ধ্বংস করে। মাদক সংসারকে অকার্যকর করে। সংসার অকার্যকর হলে রাষ্ট্রও অকার্যকর হয়। তাই কেউ মাদক সেবন করলে, মাদক বিক্রি করলে, চাঁদাবাজি করলে ও ভূমিদস্যুতা করলে সে বিএনপি’র লোক হলেও তাকে পুলিশে সোপর্দ করবেন। ফাইনাল খেলায় ভাওয়াল স্পোটিং ক্লাব, মানিকনগর স্পোর্টিং ক্লাবকে ১/০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন আমান উল্লাাহ আমান । এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *