প্রথম আলো সম্পাদকের জামিন, ৫ জনকে হয়রানি না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

এদিকে বাকি পাঁচজনকে পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত। অন্য ৫ জন হলেন- পত্রিকাটির সহযোগী সম্পাদক আনিসুল হক, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরাণ তুষার এবং নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

এর আগে রোববার নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৬ জনকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালত বলেছিলেন, জমিন শুনানির আগে তাদের গ্রেফতার বা হয়রানি করা যাবে না।

সোমবার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজউদ্দীন ফকির। গত ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাময়িকীটির সম্পাদক ও লেখক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ১ নভেম্বর (গত বছর) নাইমুল আবরার রেসিডেনসিয়াল মডেল কলেজে কিশোরদের ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *