পারিবারিক দ্বন্দ্ব সিংগাইরে বড় ভাইকে জবাই করে হত্যা

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: পারিবারিক কলহের জের ধরে একই ঘরে ঘুমিয়ে থাকা ছোট ভাইয়ের হাতে হত্যার শিকার হলেন বড় ভাই আবু রায়হান (২৬)। ঘটনাটি ঘটেছে, রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।
খুন হওয়া আবু রায়হান ওই গ্রামের শাহজাহান ফকিরের বড় ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে একই ঘরে তিন ভাই- আবু রায়হান , রোমান (২৪) ও জামাল (১৬) শুয়ে পড়েন। এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়েন। সুযোগ মত রোমান তার বড় ভাইকে ধারালো চাকু দিয়ে জবাই করতে শুরু করে। ছটফট শব্দে ছোট ভাই জামালের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তার চিৎকারে পাশের ঘরের ঘুম থেকে ওঠে তাদের বাবা শাহজান ফকির এগিয়ে এলে দরজা খুলে ঘাতক রোমান পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আবু রায়হানকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তিন ভাইয়ের মধ্যে অভিযুক্ত রোমান বিয়ে করলেও বাকি দুই ভাই অবিবাহিত। বেশ কিছুদিন ধরে টাকা পয়সা নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরেই জের ধরেই ছোট ভাই বড় ভাইকে হত্যা করে বলে নিহতের পরিবার নিশ্চিত করেন।

খবর পেয়ে রাতেই সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল-ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারে বইছে শোকের মাতম । অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও থানার ওসি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *