পর্যায়ক্রমে সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু: দেশের প্রতিটি পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী একসময় দেশের সব পরিবারই এই কার্ড পাবে, এমনকি তার নিজের পরিবারও এর বাইরে থাকবে না।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ঈদগাঁ মাদ্রাসা মাঠে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধান সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে পুরো দেশের পরিবারগুলোকে এর আওতায় আনা হবে। তাই এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচি সমাজের সব স্তরের মানুষের জন্য প্রযোজ্য হবে। জেলা প্রশাসকের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের পরিবার—সবাই এই সুবিধা পাবে। এমনকি তার নিজের স্ত্রীর কাছেও এই কার্ড পৌঁছাবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। তিনি দাবি করেন, গত ১৫ বছরে দেশে প্রকৃত আইনের শাসন ছিল না এবং অনেক ক্ষেত্রেই অর্থ ছাড়া কাজ হতো না। তবে ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের অর্থ লেনদেন করতে হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ২২ দিনের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। নারীদের ক্ষমতায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কৃষকদের সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি সেচ সুবিধা বাড়াতে বিভিন্ন এলাকায় খাল খননের কাজ শুরু হয়েছে।

জেলার উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে শিগগিরই মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা ঘরে বসেই বছরে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *