নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী পদ্মা সরকারি কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো “বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন না সহজ” শীর্ষক দিকনির্দেশনামূলক সেমিনার। এক ঝাঁক মেধাবীদের সমন্বয়ে গড়া সামাজিক সংগঠন প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামে’র উদ্যোগে শ্রীনগর-দোহার উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পথকে সহজ করতে পদ্মা সরকারি কলেজে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বিষয়ভিত্তিক মোটিভেশনাল সেমিনারটি।
সেমিনারে পদ্মা সরকারি কলেজসহ দোহার উপজেলার বিভিন্ন কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর সরব উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ এবং সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মোঃ জালাল হোসেন। স্বাগত বক্তব্যে উপাধ্যক্ষ মোঃ জালাল হোসেন বলেন, এই অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে দিন দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে প্রমায়ণের ভূমিকা অনস্বীকার্য।
এসময় এই বছর থেকে পদ্মা সরকারি কলেজেও চান্স পেতে দিতে হবে ভর্তি পরীক্ষা, এই কথা স্মরণ করিয়ে দিয়ে প্রস্তুতি নেয়া জরুরী বলে উল্লেখ করেন পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন। সংগঠনের সভাপতি প্রান্ত ঘোষের সঞ্চালনায় সেমিনারে আরোও উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আসমা আক্তার পাপিয়াসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী, প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস” ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহাদাত হোসেন আকাশ এবং সাবেক সভাপতি জনাব মাঝহারুল ইসলাম, সাবেক সদস্য সচিব জয় সাহা এবং ভাগ্যকুল রাইসা-অপ্সরা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি, অধ্যবসায় এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সভাপতি প্রান্ত ঘোষ, সাধারণ সম্পাদক রাকিব খান এবং প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের সদস্যবৃন্দ।
