দোহার-নবাবগঞ্জ (ঢাকা)সংবাদদাতা. ঢাকার নবাবগঞ্জ উপজেলার ব্যবসায়ী মো. আশিকুজ্জামান (৪২) নিখোঁজের আট দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
মো. আশিকুজ্জামান উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের ছেলে।
নিখোঁজ আশিকুজ্জামানের ভাই আশিক আরমান বলেন, আমার ভাই পেশায় একজন ব্যবসায়ী। গত ১৭ আগস্ট (রোববার) দুপুরে যন্ত্রাইল এলাকা থেকে সে নিখোঁজ হয়। দুপুরে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি, বিকেলের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আশিক আরমান আরো বলেন পরে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজখবর নিয়েও কোনো সন্ধান না মেলায় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।
পরিবারের সদস্যরা জানান, আশিকুজ্জামান একজন ভদ্র, শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার হঠাৎ নিখোঁজে ৬ বছরের একমাত্র ছেলেকে নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ উপপরিদর্শক অপূর্ব সাহা বলেন, ঘটনার পর থেকে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখনো সন্ধান মেলেনি তার সন্ধানে পুলিশ কাজ করছে।
