নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাঁকে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে।
মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে।
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টায় দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় এ মামলা দুটি হয়।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারের পর ডিবি তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। নবাবগঞ্জ থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনই প্রথমে গ্রেপ্তার হলেন।
এ ছাড়া নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমও এই মামলায় গ্রেপ্তার হয়েছেন।
