মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী ও চালকসহ ৩জন নিহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রীজের ঢালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চালক ও একযাত্রী নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় এক যাত্রীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরাতন তুইতাল গ্রামের যোসেফ বিপুল গমেজ(৪৯), তার স্ত্রী তন্দ্রা ফ্লোরেঞ্চ গমেজ (৩৮) এবং চালক খালেদ (৪৯)। চালক খালেদের গ্রামের বাড়ি ভোলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকালে এন মল্লিক পরিবহনের একটি বাস বান্দুরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপর দিকে সিএনজি চালক দুইজন যাত্রী নিয়ে বান্দুরার দিকে আসছিল। নিশিকান্দা ব্রীজের ঢালে এলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও একযাত্রী (পুরুষ) মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় মহিলা যাত্রীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মো. আশিকুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে ছুটে আসি এবং দুইজনকে মৃত অবস্থায় রাস্তায় পাই। দুর্ঘটনার ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় লাশ থানা মর্গে পাঠানো হয়। এছাড়া আমরা দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করেছি। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
