নবাবগঞ্জে সেতুর রেলিংয়ে ঝুলছে বৃদ্ধের লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের শংকরখালী এলাকা থেকে রফিক কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার শংকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুর রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিক কবিরাজ শংকরখালী বড় বাড়ির তাজু মেম্বারের বড় ভাই।
স্থানীয়রা জানান, নিহত রফিক কবিরাজ অত্যান্ত ভদ্র, পরহেজগার ব্যক্তি। তিনি দীর্ঘদিন তাবলীগ জামাতের সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি শংকরখালি একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি।
প্রতিবেশি আসমা বেগম বলেন, রফিক কবিরাজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর বাড়িতে ফিরেননি। কেন তার মৃত্যু হলো, এখনও বুঝতে পারছি না।
নিহতের স্ত্রী লুবনা বেগম (৫০) জানান, কয়েকদিন ধরেই তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ভোরে কোন এক সময় আমার স্বামীকে হত্যা করেছে। সুষ্ঠুতদন্ত করে সঠিক বিচারের দাবি জানাচ্ছি
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *