নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা করা হয়। সভায় জানানো হয়- “চোখের রোগ নিমূর্লে উপজেলায় ৩৪২টি সেন্টারের মাধ্যমে ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজালাল, আবাসিক চিকিৎসক ডা. রবিউল ইসলামসহ ডা. হরগোবিন্দ সরকার, ডা. শাহীনূর সোমা, ডা. প্রীতম রায় প্রমূখ।
