নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইজিবাইক ও পিকআপ সংঘর্ষে মো.নিজাম (৫০) নামে এক ফল ব্যবসায়ী আহত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার হাড়ভাঙ্গা এলাকায় রাস্তার পাশে বালু থাকার কারণে পিকআপ ভ্যান ও অটো গাড়ী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।আহত নিজাম উপজেলার কাঁঠালীঘাটা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে নবাবগঞ্জ টু মাঝিরকান্দা যাওয়ার পথে দুই দিক থেকে ইজিবাইক ও পিকআপ ভ্যান আসার সময় ইজিবাইকের চাকা বালুর মধ্যে পড়ে ব্রেক ফেল হয়ে অপর দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। পরে ইজিবাইকে থাকা ফল ব্যবসায়ী নিজাম পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হয়।
পরে ঘটনাস্থলে থাকা লোকজন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করেন।
আহত নিজামের ছেলে দিপু শেখ (২২) বলেন,আমার বাবা একজন ফল বিক্রেতা। নবাবগঞ্জ থেকে ফল নিয়ে আসার সময় রাস্তার পাশে বালুর জন্য ইজিবাইক থেকে পরে গিয়ে আমার বাবা আহত হয়। যারা বালু রাখছে তাদের আমি বিচার চাই। আমার বাবার মতো আর কখনো যেন এই বালু জন্য সাধারণ জনগণের ভোগান্তিতে পড়তে না হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, আপনার থেকে জানলাম দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
