নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে চার জনকে সাজা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে নেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১৪৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে চার জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকী ১৪৩ জন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান। সাজাপ্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার মো. শাওন (২৭), জুলহাস (৩০), রবিন ঢালী (২৮) এবং মহিউদ্দিন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, অর্থিৈনতক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর মৌজার ভাঙাভিটা এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান। প্রশাসন থেকে গত সপ্তাহে ৭ ধারার নেটিশ জারি করা হয়েছে। তা সত্তেও ফসলি জমির মাটি কাটছে মাটি খেকোরা। সোমবার দিবাগত রাত ১২.১৫ ঘটিকায় অভিযান চালিয়ে ৭টি ট্রলারসহ ১৪৭জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে মো. শাওন জুলহাস, রবিন ঢালী ও মহিউদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাকী ১৪৩জন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, ফসলি জমির মাটিকাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্ত চার জন আসামীকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, জমির শ্রেণি পরিবর্তন অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে নেয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *