নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ১৫ জুন দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার মহব্বতপুর এলাকার বুদ্দি দাসের ছেলে অমল দাস (৪২) ও তার স্ত্রী ঝুনু দাস (৩৭)।
আহত অমল দাস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের নির্বাচনে অমল দাস ইউপি সদস্য পদে নির্বাচন করেন। তখন একই পদে প্রতিদ্বন্দ্বীতা করেন স্থানীয় হানিফ নামে এক আওয়ামীলীগ নেতা। তখন থেকে হানিফ ও তার সহযোগী প্রদীপ দাস ও জয়দেব দাসের সাথে মতবিরোধ ছিলো অমল দাসের।
রবিবার দুপুরে প্রদীপ দাস, তার ভাই জয়দেব দাস, জয়দেবের স্ত্রী জোসনা দাস ও মেয়ে অষ্টমী দাস হঠাৎ অমলের উপর হামলা করেন। এসময় তাদের হাতে থাকা রড, কাঠের লাঠিসহ দেশায় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন অমল। তার স্ত্রী ঝুনু দাস তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেন তারা। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অমল দাস জানান, তার মাথায় ৪টা সেলাই দিতে হয়েছে।
এঘটনার নবাবগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এব্যাপারে অভিযুক্ত প্রদীপ দাসকে তার মোঠোফোনে কল দিলে তিনি অমল দাসিকে মারার বিষয়টি স্বীকার করে বলেন, অমল থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এখন আইন আমার বিরুদ্ধে যা করার করবে।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতর্তা (ওসি) মো. মমিমুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
