নিজস্ব প্রতিবেদক: নবাবগঞ্জে নবগঠিত ১৪টি ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক কমিটি অবৈধ ঘোষণা করে বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, পরে বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদ ডাক বাংলো মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুর রহমান সিকদার এতে নেতৃত্ব দেন।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করে বলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত একা এ কমিটির অনুমোদন দিতে পারেন না। এটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগ তার ব্যক্তিগত কোন প্রতিষ্ঠান নয়। অনতি বিলম্ব এ কমিটি বাতিল ঘোষণা করতে হবে।
যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুর রহমান সিকদার প্রতিবাদ সভায় অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করে বলেন, উপজেলা আওয়ামী লীগের আমিও একজন যুগ্ম আহ্বায়ক। তিনি একার সিদ্ধান্তে আহ্বায়ক কমিটি গঠন করতে পারেন না। তিনি এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করেননি। এটা তার একার কমিটি। এমনকি আমার নিজ এলাকা বারুয়াখালী ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনেও আমার সাথে আলোচনা করেননি বলে তিনি অভিযোগ করেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত মুঠোফোনে এবিষয়ে সাংবাদিকদের জানান, গত ৯ জানুয়ারি শোল্লায়, উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সভায় ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদের বিষয়ে তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য সালমান এফ রহমান সাহেবের ও আওয়ামী লীগের মানক্ষুন্ন করতে এ অপচেষ্টা। বিগত ভোটের সময়ে যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ঠিক তারাই ইউনিয়ন আহ্বায়ক কমিটির বিরোধীতা করছেন।
