দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন) এর স্বাক্ষর নকল করে চেক জালিয়াতির অভিযোগ পাওয়া গিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইউএনও সাংবাদিকদের মৌখিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
এঘটনায় বৃহষ্পতিবার গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রশাসন ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপিঠ নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারকে দায়িত্ব থেকে অপসারণ করেন। এছাড়া চেক জালিয়াতির এ ঘটনায় অধ্যক্ষের গাড়ী চালক মো. জসীমকে আটক করা হয়েছে বলেও জানা যায়।
উপজেলা প্রশাসন ও তদন্ত কমিটি সূত্র জানায়, গত বুধবার বিদ্যালয়ের সভাপতি ইউএনও দিলরুবা ইসলামের স্বাক্ষর নকল করে নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তার তার ব্যক্তিগত গাড়ী চালককে দিয়ে কমিউনিটি ব্যাংকে ১ লাখ ৭০ হাজার টাকার একটি চেক জমা দেয়। গুলশান শাখা কমিউনিটি ব্যাংক কর্মকর্তা মো. রায়হান জামিল এ বিষয়ে সন্দেহ করেন। পরে লেনদেন আটকে দিয়ে অধ্যক্ষ নাজমুন আক্তারকে ফোন দিলে সে অস্বীকার করে। পরে চালককে আটক করে গুলশান থানা হেফাজতে দেওয়া হয়। এ ঘটনা জানতে পেরে নবাবগঞ্জের ইউএনও আজ সকালে কয়েকজন শিক্ষক, প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করে দেন। তাঁদের সকলের সম্মতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারকে অপসারণের সুপারিশ করে। পরে ওই প্রতিষ্ঠানের জেষ্ঠ্য শিক্ষক জাকির হোসেন মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন।
এ ঘটনায় ইউএনও বলেন, এরআগে গত ২৫ আগষ্ট আসফিয়া নামের একজন স্কুলের ওই হিসাবের পক্ষে ৪ লাখ ১১হাজার টাকা উত্তোলন করেন। যা তার অগোচরে সই স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। তবে কে এই আসফিয়া তা জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বক্তব্য নিতে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন আক্তারকে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে পাওয়া যায়নি। তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে বিদ্যালয়ের করনিক রমজান আলী বলেন, নাজমুন ম্যাডাম গত ২১আগষ্ট তার কাছে থেকে স্কুলের চেক বই নিয়ে ৫টি পাতা রেখে বই ফেরত দেন। এরপর কি হয়েছে তা বলতে পারবো না।
গুলশান থানার উপপরিদর্শক মো. জাহিদ হোসেন বলেন, এঘটনায় মামলা হয়েছে। জসীম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
