দোহার কুতুবপুর নৌপুলিশের সহায়তায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া ২৪ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে ৪ থেকে ৫ কিলোমিটার ভেতরে পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া ২৪ জনকে উদ্ধার করেছে দোহার কুতুবপুর নৌপুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত বুধবার সকালে দোহার উপজেলার নারিশা গ্রামের একটি পরিবার তাদের ২৪ সদস্য নিয়ে ট্রলারযোগে ফরিদপুরের পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি দেখতে যায়। ফরিদপুর থেকে দোহারে ফেরার পথে ঘন কুয়াশায় চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারটি আটকা পড়ে। জাতীয় সেবা ৯৯৯-এ উদ্ধারের সাহায্য চেয়ে ফোন করলে কুতুবপুর নৌ পুলিশের একটি টিম বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করে।
দোহার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া পরিবারটিকে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *