ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া এলাকায় অবস্থিত বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ কুলসুম বেগম চাবি হস্তান্তর না করায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা আলমারির তালা ভাঙা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের অনুমতিক্রমে ও উপস্থিতিতে আলমারির তালা ভাঙা হয়।
এ বিষয়ে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আক্তার জানান, সাবেক অধ্যক্ষ কুলসুম বেগমকে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি রেজিস্ট্রি ডাকযোগে ৩ বার চিঠি পাঠিয়েছেন। কিন্তু তিনি চিঠি রিসিভি করেননি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা যে আলমারিগুলো রয়েছে তার চাবিও হস্তান্তর করেননি। তাই আজ সকল শিক্ষকবৃন্দ মিলে এবং প্রশাসনের অনুমতিক্রমে ও উপস্থিতিতে এই আলমারিগুলোর তালা ভাঙা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, শিক্ষক নাদিরা বেগম, লাভলী আক্তার, ভবতোষ রাজবংশীসহ সকল শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এর আগে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংরক্ষিত থাকা আলমারির তালা ভেঙ্গে রেকর্ডপত্রের তালিকা নথিভুক্ত করার জন্য ৭ জন শিক্ষককে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।
