দোহারে সরকারি রাস্তার ইট খুলে নিয়ে গাইড ওয়াল নির্মাণের চেষ্টা

কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার পুরী এলাকায় সরকারি রাস্তার ইট খুলে নিয়ে গাইড ওয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ঐ এলাকার আনোয়ার উদ্দিনের ছেলে সোরহাব উদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ১৯ নং দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে খালপাড় পর্যন্ত দোহার পৌরসভার অর্থায়নে নির্মিত প্রায় এক কিলোমিটার পিচ ঢালাইয়ের রাস্তাটিকে ক্ষতিগ্রস্ত করে মাটি কেটে কিছু অংশে আবার ইট খুলে নিয়ে ব্যক্তিগত ভাবে গাইড ওয়ালের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এর ফলে এই রাস্তাটির কিছু কিছু যায়গায় ফাটল দেখা দিয়েছে। এমন ঘটনায় স্থানীয়রা বাধা দিলেও তাদের কথার তুয়াক্কা না করেই সোরহাব উদ্দিন চালিয়ে যাচ্ছেন মাটি কাটা ও ওয়াল নির্মাণের কাজ। এছাড়া রাস্তার পাশে কোন প্রকার অতিরিক্ত জায়গা না রেখে আরও অনেকেই নির্মাণ করেছেন গাইড ওয়াল, কেই আবার নির্মাণ করেছেন ঘরবাড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এভাবে সরকারি রাস্তার ইট খুলে নিয়ে রাস্তার পাশ ঘেষে ওয়াল নির্মাণ করলে এই রাস্তাটির ব্যাপক ক্ষতি হবে। অল্প কিছুদিন হলো এই রাস্তাটি সংস্কার হয়েছে এর মধ্যে এখন কোন ক্ষতি হলে চরম জনদুর্ভোগের সৃষ্টি হবে। তিনি আরও বলেন, এই স্থানটিতেই একটি প্রাথমিক বিদ্যালয় ও উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলে এই গুরুত্বপূর্ণ স্থান দুটিতে আসতে পারবে না শিক্ষার্থীসহ হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
এব্যপারে জানতে ঘটনাস্থলে গেলে তাকে অভিযুক্ত সোরহাব উদ্দিনকে পাওয়া যায়নি। পওে তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে জানান, এমন ঘটনা আমাদের জানা ছিল না যদি কেউ সরকারি রাস্তার ইট খুলে নিয়ে থাকে এবং রাস্তার ক্ষতি করে কোন কাজ করার চেষ্টা করেন এর প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *