কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলার উত্তর চর-জয়পাড়া এলাকায় সরকারি জমি দখল করে মুরগির খামার নির্মাণ করছেন স্থানীয় আব্দুল জলিলের ছেলে মো. রানা নামে এক ব্যক্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পালামগঞ্জ থেকে উত্তর চর-জয়পাড়া খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শাখা খালটির একটি অংশে প্রায় ৪০ ফুট জায়গা দখল করে মুরগির খামারের নির্মাণ কাজ করছেন মো. রানা। এসময় সাংবাদিকরা দখলের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, সবাই দখল করছে, আমি দখল করিনি, খামার দিচ্ছি। আপনারা কেন ছবি তুলছেন।
এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঐ এলাকার বাসিন্দারা। স্থানীয়রা বলেন, এই শাখা খালটি দিয়ে একটি সময় নৌকা চলাচল করতো। ধীরে ধীরে খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে আশেপাশের মানুষের দখলের কারণে। এখন আবার নতুন করে দখলের চেষ্টা চলছে। এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ সরকারি জমি দখল করে থাকে এটি প্রমানিত হয়, দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
