দোহারে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস  উদযাপিত

ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচিতে দিবসটি উদযাপিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্বোধন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের সূচনা করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
পরে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউট, গালস গাইড, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *