নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে এ খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এনটিভির ব্রডকাস্ট সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আনোয়ার পারভেজ সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মায়ের আদর ফাউন্ডেশনের সভাপতি ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল, দোহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিজয়টিভির প্রতিনিধি মো. আতাউর রহমান সানীসহ শিক্ষক শিক্ষার্থী এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ।

কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। মায়ের আদর ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ।
এসময় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান তিনি।
মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ সোহাগ বলেন, করোনাকালীন সময়ে সাধারণ দরিদ্র পরিবারের পাশে খাদ্য সরবরাহ করেছে এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষা উপকরণ প্রদান করে আসছে ফাউন্ডেশনটি।
