নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিচালনার নির্মিত্তে সুশীল সমাজ ও গণআকাঙ্খার মূল্যায়ন না করে হীন স্বার্থে ছাত্র-জনতার খুনি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার দোসরদের পুনঃবহালের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গণতন্ত্রকামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসী ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার দুপুরে জয়পাড়া কলেজ থেকে মিছিলটি বের হয়ে থানার মোড় ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় মানবন্ধনে বক্তারা বলেন, উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি ও সুতারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগের এজেন্ট। তাদের দায়িত্ব দেওয়ায় স্থানীয়দের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসময় তারা বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারী কুসুমহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জল মোল্লাসহ সকল প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবি করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অবিলম্বে এদের সরিয়ে জনবান্ধব প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।
