ঢাকার দোহার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র আন্দোলনকারীরা।
লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনকারীরা অভিযোগ করেন, দোহারে গত বছরের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ আগস্টে যারা আন্দোলন করেছেন, পুলিশের হয়রানির শিকার হয়েছেন তাদের বাদ দিয়েই পকেট কমিটি করা হয়েছে। ছাত্র আন্দোলনকারীরা আরো দাবি করেন, আন্দোলনের সময় দোহারে কোনো সমন্বয়ক ছিলো না। কতিপয় ব্যক্তিরা স্বার্থ হাসিলের জন্য সমন্বয়ক দাবি করে কমিটি ঘোষণা দেয়। এ সময় উপজেলা কমিটির বিলুপ্তির দাবি জানান তারা। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচীর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
উপস্থিত ছিলেন আবুল কালাম, নুরুল ইসলাম রিজভী, পায়েল নুর, অমি, সিনহাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ২২৫ জনের নাম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।
