নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পুলিশের অভিযানে রিয়াদ (২৮) ও মো. সিজান (২১) নামে সন্ত্রাসী ও মাদক কারবারীর কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার দুপুরে দোহার থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান থানা পুলিশ। আটককৃত রিয়াদ উত্তর রাইপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও মো. সিজান ঐ এলাকার বাবুল খান এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নির্দেশে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সিজানকে আটক করতে অভিযান চালায় পুলিশের এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে সিজানের অবস্থান জানতে পারেন তারা। পরে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার উত্তর রাইপাড়া আদম ভূঁইয়ার বসতবাড়ি থেকে মাদক সেবন অবস্থায় রিয়াদ ও সিজানকে আটক করেন। এসময় তল্লাসি করে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করি এবং আসামিদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমাণে মাদক উদ্ধার করি। তাদের বিরুদ্ধে অস্ত্রআইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। আজকে আসামিদের আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
