নিজস্ব প্রতিনিধি :ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ আন্তা এলাকার কুয়েত প্রবাসী শেখ আরিফ হোসেন (লাল মিয়া) (৩৪) তার পিতা আব্দুল হাকিম (মাদবর) এর ইচ্ছা পূরণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসার পর ঢাকা থেকে এয়ারক্রাফটে বাড়ি ফিরলেন। বুধবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলার আন্তার চকে তাকে বহনকারী এয়ারক্রাফটি মাটিতে অবতরণ করে। এদিকে খবর পেয়ে সকাল থেকে আন্তার চকে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা। তাকে নিয়ে আনন্দ উৎসব করেন স্থানীয়রা । এসময় সহায়তা করেন দোহার থানা পুলিশ।

স্থানীয়রা জানান, আমাদের এই অঞ্চলে এভাবে বিদেশ থেকে এই প্রথম কেউ বাড়ি আসলো। শেখ আরিফ হোসেন তার বাবার ইচ্ছা পূরণের জন্যই তার এই আয়োজন। এমন ঘটনায় আমরা খুবই আনন্দিত। পরবর্তীতে তার মতো করে অনেকে বিদেশ থেকে দেশে আসতে পারে বলে মনে করেন গ্রামবাসী।
