নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় প্রেমঘটিত বিষয়ের জের ধরে দুই পক্ষের হামলায় রাসেল (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে মইতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে রাজন ও শাকিল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ১০টি মোটরসাইকেল ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহত রাসেল মুকসুদপুর ইউনিয়নের সাবেক মেম্বার রশিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মালিকান্দা এলাকার এক মেয়ের সাথে মইতপাড়া খালপাড় এলাকার মোবারক খলিফার ছেলে মনিরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মনিরের বন্ধু ঐ এলাকার সাদেক ভূঁইয়ার ছেলে সোহান এ সম্পর্ক মেনে না নিয়ে ঐ মেয়ের কাছে মনিরের ব্যাপারে বদনাম করলে মনির ক্ষিপ্ত হয়ে সোহানকে মারধর করে।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১৫ জুন) সকালে এ বিষয়ে ছাত্রলীগের নেতাকমীরা মিমাংসার জন্য গেলে মনিরের লোকজনের সাথে সোহানের লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। এসময় রাসেল বাকবিতন্ডা থামাতে এগিয়ে গেলে দু’পক্ষের হামলায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কতর্ব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, মৃত ব্যক্তির শরীরে কোথাও আঘাতের চিহ্ন নাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত সব জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাতাহাতির ঘটনায় স্ট্রোক করে মারা যেতে পারে।

পরে উত্তেজিত জনতা অন্তত ১০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় দোহার সার্কেল অফিসার জহিরুল ইসলাম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, র্যাব-১১ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে ছোট শাকিল ও রাজন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।
