নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নানী বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে খুশী আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি খালে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের মামা আনোয়ার হোসেন জানান।
নিহত খুশী আক্তার ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার শালিপুর ইউনিয়নের শালিপুরচর গ্রামের হাসেম খন্দকার ও শিরতাজ বেগমের মেয়ে। নিহতের নানী বাড়ির পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নানীর বাড়ির পাশের খননকৃত খালে গোসল করতে যায় খুশি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে খালে গিয়ে খালের পাড়ে খুশির জুতা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে খালের পানিতে প্রায় দুই ঘন্টা তল্লাশি করে খুশিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতের মামা আনোয়ার জানান, খুশী ছোট বেলা থেকেই মৃগী রোগে ভুগছিল। গোসলের সময় এ রোগে আক্রান্ত হয়েই খুশী সকলের অগোচরে পানিতে ডুবে যায় বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আমাদের কারো কোনো অভিযোগ নেই। তাই মৃত খুশীকে হাসপাতালে নেওয়া হয়নি। এমনকি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়নি।
এ ব্যাপারে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁডীর এস আই মোস্তফা বলেন, ঘটনাটি কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
