ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীতে নিখোঁজের একদিন পর সোবহান মোল্লা (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) ভোরে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকায় পদ্মায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
এর আগে শনিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর পুরুলিয়া এলাকার পদ্মা নদীতে দোয়াইর উঠাতে গিয়ে সোবহান মোল্লা নিখোঁজ হন। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় রাত সাড়ে নয়টা পর্যন্ত পানিতে ডুবে নিখোঁজ সোবহান মোল্লাকে উদ্ধার করার চেষ্টা করেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় দোহার ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানান স্থানীয়রা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোবহান মোল্লা প্রতিদিনের মতো শনিবার বিকেলে নদীতে যায় দোয়াইর উঠাতে। আসরের সময় হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীর পাড়ে গিয়ে তার খোঁজ করেন। কোথাও খুঁজে না পেয়ে যেখানে দোয়াইর পাতা ছিল সেখানে পরিবার ও স্থানীয় লোকজন খোজাখুজি করে তার পরিধানের লুঙ্গি ও গামছা উদ্ধার করেন। লুঙ্গি ও গামছা উদ্ধারের পর তারা নিশ্চিত হন সোবহান মোল্লা পানিতে ডুবে গিয়েছেন।
সোবহান মোল্লা পদ্মায় মাছ শিকার করতেন বলে জানায় পরিবারের লোকজন। এদিকে নিখোঁজের পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। পরে রবিবার ভোরে সোবহান মোল্লার লাশ পদ্মায় ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে দাফনকাজ সম্পূর্ণ করেন।
