নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার অপরাধে চলমান জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লক্ষ টাকার কারেন্ট জালসহ এক জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ হাজার ৫শত মিটার কারেন্ট জাল ও ৯০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ বিষয়ে দোহার থানায় মৎস্য আইনে একটি মামলা হয়েছে।
পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।
এ বিষয়ে মাহমুদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যহত থাকবে।
