নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নুরুল্লাপুর ওরসকে কেন্দ্র করে গড়ে উঠা মেলায় মাদকের রমরমা ব্যবসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবাশ্বের আলমের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন র্যাব-১০, দোহার থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অভিযানে মাদক সেবনের অপরাধে ৮ জন মাদক সেবন ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার (৪৫) ,মোঃ আঃ সামাদ (৪৫),মোঃ ফারুক (৩৫), মুক্তি সিকদার (৫১), মোঃ লিটন খান (৪০) মোঃ আঃ জব্বার (৫০), বনি আমিন (২১), সাজু হোসেন (২২)। এবং অভিযানের সময় মেলায় মাদক বিক্রির অস্থায়ী কিছু টং দোকান ভেঙে দিয়েছে প্রশাসন।
দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবাশ্বের আলম জানান, আমরা সংবাদ মাধ্যমে মাদক ব্যবসার খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় আটজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের কোন ছাড় দেয়া হবে না।
