দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় দুবাই প্রবাসী রাজা মোল্লার উপর হামলা করেছে প্রতিপক্ষ মোনছের শেখের লোকজন। আহত রাজা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। এ ঘটনায় থানা পুলিশ শেখ বিল্লাল নামে একজনকে আটক করেছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নে রাধানগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাজার ভগ্নিপতি, উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ব্যক্তিগত কাজে টাকার প্রয়োজন হয়। তাই তিনি রাধানগর গ্রামের নিজের জমি ব্যাংকে বন্ধক রাখতে ব্যাংক কর্মকর্তাদের জমিটি দেখাতে আসেন। জমি দেখে কর্মকর্তারা চলে যাওয়ার পর মোনছের শেখের লোকজন রাজা মোল্লার উপর হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
প্রবাসীর উপর হামলার ঘটনার বিষয়ে প্রতিপক্ষের মোনছের শেখ বলেন, রাজা মোল্লা ও মানিক মোল্লার লোকজন নিয়ে রোববার আমার বাড়িতে হামলা করে
দোহার থানার ওসি মোস্তফা কামাল এ বিষয়ে বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
