এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ীতে বাসস্ট্যান্ড ও আশেপাশে এলাকায় সড়ক ও জনপদ(সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টার দিকে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। অভিযানে ফুটপাত ও সড়কের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী মমিনুল ইসলাম এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
