দোহারে গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১১

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ গৌতম কুমার সাহা (৫২) ও টিটু চন্দ্র দে (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার (২৪ অক্টোবর) রাতে উপজেলার ফুলতলা বাজার থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত গৌতম কুমার সাহা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের মৃত সুনীল কুমার সাহার ছেলে এবং টিটু চন্দ্র দে কুমিল্লার দেবীদ্বর উপজেলার রসুলপুর গ্রামের মৃত উত্তম চন্দ্র দে’র ছেলে।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌতম ও টিটু দীর্ঘদিন যাবত দোহারসহ মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০টার দিকে দোহার উপজেলার ফুলতলা বাজারে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও এএসপি মোঃ সম্রাট তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *