নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় গত শনিবার ( ১৮ জুলাই) ‘আশা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়ায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন। এবিষয়ে ২০ জুলাই ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মঈনুল আহসানের স্বাক্ষরিত একটি লিখিত প্রজ্ঞাপন বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ‘আশা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্্েয প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।
ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মঈনুল আহসান নববাংলাকে জানান, ‘আশা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ক্লিনিকটির লাইসেন্স নবায়নের কাগজপত্র যাচাই করা হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত (১৮ জুলাই) উপজেলার বাস্তা এলাকার সামসুন্নাহার নামে এক রোগীর ‘আশা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজারের পর,পর্যাপ্ত চিকিৎসা না দেয়ায় তার বাচ্চার মৃত্যু হয়। এছাড়া সেই মৃত বাচ্চাটিকে আবার উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
