নিজস্ব প্রতিবেদক : আরব আমিরাত থেকে: দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ-মোট পাঁচটি পদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন দেশের এই অদম্য তারকারা।
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ডাবল স্বর্ণপদক জয় করেন চৈতী রানী দেব। উচ্চতায় ছোট গড়নের এই ক্রীড়াবিদ জ্যাভলিন থ্রোতে ১১ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে একটি স্বর্ণ এবং ১০০ মিটার স্প্রিন্টে আরেকটি স্বর্ণপদক অর্জন করেন। তাঁর এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণার বার্তা দিয়েছে।
আরেক কৃতী ক্রীড়াবিদ শহিদুল্লাহ শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে সাঁতারে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। সাধারণ মানুষের মতো দুটি পা না থাকা সত্ত্বেও এক পায়ে সাঁতর কেটে তিনি ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে একটি ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়া, মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দলও একটি ব্রোঞ্জ পদক অর্জন করে দেশের সাফল্যের ঝুলিকে আরও সমৃদ্ধ করেছে।
পদকজয়ী ক্রীড়াবিদদের এই ঐতিহাসিক সাফল্যের পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান ফুলের তোড়া দিয়ে ক্রীড়াবিদদের অভিনন্দন জানান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও তাঁদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়।
স্বাভাবিক ক্রীড়াবিদরা যেখানে এশিয়ান পর্যায়ে পদক জিততে হিমশিম খান, সেখানে প্যারা গেমসের মঞ্চে বাংলাদেশের এই সাফল্য জাতির জন্য এক গর্বের অধ্যায়। আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্যারা অ্যাথলেটদের আরও বড় সাফল্য আসবে এমন প্রত্যাশাই করছেন ক্রীড়ামোদী মানুষ।
