ডেস্ক রিপোর্ট : ঢাকাই সিনেমার নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন। ‘বেদের মেয়ে জোসনা’ দিয়ে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমাটি তার দখলে। তিনি উপহার দিয়েছেন আরও বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা।
এ নায়ক তার সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন ববিতাকে দিয়ে। এরপর কাজ করেছেন শাবনা থেকে শুরু করে বহু নায়িকার সঙ্গে। তারমধ্যে ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী রোজিনার সঙ্গেও ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ ৮-১০টি সুপারহিট সিনেমা রয়েছে কাঞ্চনের।
দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে আবারও দুজনে চলচ্চিত্রের জন্য জুটি বাঁধছেন। ‘ফিরে দেখা’ সিনেমায় কাঞ্চন-রোজিনাকে স্বামী-স্ত্রী হিসেবে দেখবেন দর্শক।
সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের এই সিনেমাটি পরিচালনা করছেন অভিনেত্রী রোজিনাই। এর আগে বেশ কয়েকটি নাটক পরিচালনা করলেও এটি রোজিনার পরিচালিত প্রথম সিনেমা।
এখানে আরও অভিনয় করতে দেখা যাবে নায়ক নিরবকে। তিনি অভিনয় করবেন রোজিনার ভাইয়ের চরিত্রে। তার সঙ্গে কে হবেন নায়িকা তা এখনো ঠিক করা হয়নি বলে জাগো নিউজকে আজ সোমবার (১১ জানুয়ারি) নিশ্চিত করলেন ‘রোজিনা’।
