নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার দোহার উপজেলার শিলাকোঠা গ্রামের কৃতি সন্তান শিশু হাফেজ ক্বারী ইয়াহিয়া বিন নজরুল জাতীয় পর্যায়ের দুটি কুরআন তিলাওয়াত ও হেফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
আরব আমিরাত দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। এ সাফল্যের জন্য তাকে ৬০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “কুরআন তিলাওয়াত ক্বারী প্রতিযোগিতা–২০২৬” এর চূড়ান্ত পর্বে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তার হাতে ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
ইয়াহিয়া বিন নজরুল দোহার উপজেলার শিলাকোঠা গ্রামের বাসিন্দা এবং তিনি নজরুল ইসলাম মল্লিকের ছোট ছেলে। অল্প বয়সেই কুরআন তিলাওয়াতে দক্ষতা দেখিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
বর্তমানে তিনি শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান (দা.বা.) পরিচালিত বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা-র ছাত্র।
ইয়াহিয়ার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
