এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাদে লাকড়ি শুকাতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মাহফুজুল ইসলাম (৬৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, হরপাড়া এলাকায় লিটন শেখের তৃতীয় তলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে যান মাহফুজুল ইসলাম। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ছাদে পড়ে থাকেন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মাহফুজুল ইসলামকে ছাদ থেকে উদ্ধার করে। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়।
আহত মাহফুজুল ইসলাম উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কাছাকাছি ভবনের ছাদে ওঠার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
