কেরানীগঞ্জে ২৫ পুলিশ সদস্য করোনা জয় করে এবার তারা কর্মস্থলে ফিরলেন

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে করোনা জয় করে এবার ২৫ পুলিশ সদস্য তাদের কর্মস্থলে ফিরেছেন। এসব পুলিশ সদস্যদের কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে অভিনন্দন ও ঈদসামগ্রী উপহার দেয়া হয়েছে। এখনো ১৭জন করোনায় আক্রান্ত পুলিশ সদস্য রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু জানান, করোনাভাইরাস সংক্রমনের শুরুতে আমরা কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা, কালিন্দী, শাক্তা, রোহিতপুর, তারানগর, কলাতিয়া ও হযরতপুরে দিন-রাত ২৪ঘন্টা ডিউটি করেছি। এসব এলাকার হাটে-বাজারে, বিভিন্ন রাস্তাঘাট, পাড়া-মহল্লায় ও এলাকার ওলি-গলিতে সাধারণ মানুষদেরকে সচেতন করার জন্য ব্যাপকভাবে মাইকিং করাসহ বিভিন্ন সচেতনতামুলক প্রচারনা করা হয়।

লক-ডাউনের সময় বিভিন্ন রাস্তার মুখে বেরিকেড দিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচলের নিয়ন্ত্রন করার জন্য সেখানেও নিয়মিতভাবে ডিউটি পালন করা হয়। বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে উপজেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযানেও তাদের সাথে আমরা ডিউটি করেছি।এছাড়া করোনা শনাক্ত হওয়া রোগীদের বাড়ি থেকে তাদের এনে হাসপাতালেও পাঠিয়ে দেয়ার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকদের পাশাপাশি আমরাও ডিউটি করেছি।

এতে আমাদের থানার কমপক্ষে ৪২জন সদস্য পর্যায়ক্রমে করোনায় আক্রান্ত হয়ে পড়েন। আক্রান্ত সকলেই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আল্লাহর অশেষ রহমতে আমাদের ২৫ সদস্য করোনা জয় করে আমাদের মাঝে এসেছেন। বাকীরাও আসবেন ইনশাল্লাহ।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, আমরা জনগণকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষা করতে তাদের জনসচেতনতামুলক সেবা দিতে গিয়েই আমার সদস্যরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এতে আমরা দমিয়ে যাইনি। বরং উর্ধতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে করোনাভাইরাসের মহামারীর হাত থেকে জনসাধারণকে সচেতন করার জন্য জনসচেতনামুলক সব কর্মান্ড আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি।

যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদেরকেও আমরা অনেক সাহস দিয়েছি। এখন যারা করোনা জয় করে আবার ফিরে এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছি। তাদের মনে একটু আনন্দ দেবার জন্যই তাদেরকে আমরা ঈদ উপহার সামগ্রী প্রদান করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *