কেরানীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহত স্ত্রীর নাম জান্নাত বেগম (২০)। এই ঘটনায় ঘাতক স্বামী মোঃ ইমন (২৫) কে আটক করেছে পুলিশ। এই ঘটনাটি ঘটেছে আজ বুধবার ভোররাতে দক্ষিণ কেরানীগেঞ্জর আব্দুল্লাহপুর চৌধুরী পাড়া এলাকায় আমির হোসেন মেম্বারের বাড়িতে। নিহত জান্নাতের বাবার নাম শওকত সরদার। বাড়ি মাদারীপুর জেলার জাওদী গ্রামে।

নিহত জান্নাতের বাবা শওকত সরদার জানান, গত এক বছর পূর্বে মুন্সীগঞ্জ জেলার সদর থানার পাঁচ গড়িয়া কান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমনের সাথে তার মেয়ে জান্নাতের বিয়ে হয়। কিন্তু ইমন তার আগের স্ত্রীর কথা গোপন করে তার মেয়েকে বিয়ে করে। তার আগের সেই স্ত্রীকে ত্যাগ করার জন্য ইমনকে যৌতুক হিসেবে তারা ১ লাখ ৮০ হাজার টাকা দেন। কিন্তু এরপরেও ইমন তার আগের স্ত্রীকে ত্যাগ করেনি। এই ঘটনা নিয়ে ইমনের সাথে তার মেয়ে জান্নাতের প্রায়ই ঝগড়া হত। আজ ভোর রাতে আবার তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ইমন তার মেয়ে জান্নাতকে ব্যাপক মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখে।

ঘটনাটি বাড়ির মালিক আমির হোসেন মেম্বার জানতে পেরে সে কৌশলে ৯৯৯ কল করেন। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আব্দুল কদ্দুসের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে গিয়ে স্বামী ইমনকে আটক করে। পরে ঘরের ভিতর জানালার সাথে ঝুলানো অবস্থায় তার মেয়ে জান্নাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় তিনি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *