কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর সদস্যরা। র্যাব-১০ সূত্রে জানা গেছে বুধবার রাতে মডেল থানার বরিশুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইমন হাওলাদার (২৩),মোঃ রাজিব (২৩),মোঃ রকি(২২)ও মোঃ জীবন (২৩)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টীলের রক্তমাখা ছোরা ও আসামিদের রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় গত ২মে প্রধান আসামি ইমন হাওলাদারের নেতৃত্বে আসামিরা নিহত রুবেলের ছোট ভাই শাহিনের খেলনার দোকানে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে রুবেলের ভাই শাহীন ও মোবারক তাদের টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা রুবেলের ভাই শাহীন ও মোবারক কে মারধর করতে থাকে। এই ঘটনার খবর শুনে রুবেল ঘটনাস্থলে এসে আসামিদের বাঁধা দিলে আসামিরা ধারালো ছোরা দিয়ে শাহীন, মোবারক ও রুবেলকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত ২ মে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
