কেরানীগঞ্জে পৈত্রিকভিটা উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিকভিটা উচ্ছেদের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার (২০ জুন) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের কাশিমালতা গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সাবেদা বেগম তার লিখিত বক্তব্যে বলেন, বণসুতা মৌজায় তাদের ৫একর ১৫শতাংশ পৈত্রিক জমি রয়েছে। প্রায় ৪০ বছর যাবত তাদের ভোগ দখলে আছে। গত শুক্রবার মো. জাকির হোসেন তার ভূমিদস্যু বাহিনী নিয়ে তাদের ভোগ দখলে থাকা জমি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিলে ভূমিদস্যুরা তাদের মারপিট করে। এসময় তারা ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. হাবিবুর রহমান চিনু, নাসিমা বেগম ,মর্জিনা বেগম ও মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

এদিকে অভিযুক্ত হাজী মো. জাকির হোসেন জানান, তিনি কারও জমি দখল করেননি এবং তার নামে জমিতে কোনো সাইনবোর্ড দেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *