কেরানীগঞ্জে পিকআপের চাপায় নবাবগঞ্জের যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে পিকআপের চাকায় পিষ্ট হয়ে আজিজুল ইসলাম ইউসুফ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে ) সকাল সোয়া ৬ টার দিকে মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা গ্রামের পাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত যুবক ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের জয়নগর গ্রামের মাসুদুল ইসলামের ছেলে। আজিজুল ইসলাম ইউসুফ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি নবাবগঞ্জ থেকে বন্ধুদের সাথে ঢাকার মোহাম্মদপুর যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রোহিতপুর থেকে ঢাকা মেট্রো ল-২৫-৭৭৪৭ মোটরসাইকেলটি আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলো। একই সময় বিপরীত দিক থেকে আসা পিকআপটি (ঝালকাঠির ল-১১-০১৬৯) পাইনাহাটি এলাকায় পৌঁছলে মোটরসাইকেল-পিকআপটি মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানিয়েছেন, পুলিশ ঘাতক পিকআপটি জব্দ করেছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *