কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে এক ব্যক্তি নিহত

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে গৃহস্থালির ময়লার টাকা নিয়ে বাকবিতন্ডতা ও হাতাহাতির মত তুচ্ছ ঘটনায় মো. জাকির আলী (৬০) নামেএক ব্যক্তি প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. জাকির আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পূর্বপাড়া এলাকার সুরত আলী মিয়ার ছেলে। এ ঘটনায় ইমরান নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

নিহতের ভাতিজা হৃদয় জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে চাচা বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এক লোক এসে চাচার কাছে গত মাসের গৃহস্থালির ময়লা ফেলার টাকা চায়। চাচা বলে গত মাসের টাকা দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা তো ঠিক মতন ময়লা ফেলো না। এই নিয়ে চাচার সাথে ওই ব্যক্তির সাথে একটু বাকবিতণ্ডা হয়। এ সময় উত্তেজিত হয়ে ওই লোকটি চাচাকে মারধর ও আঘাত করতে শুরু করে। এতে আমার চাচার নাক মুখ দিয়ে অঝরে রক্ত বের হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ময়লার টাকা নিয়ে ঝগড়াঝাঁটি হলে সেখানে মারামারি হয়েছে। শুনেছি এ ঘটনায় একজন নাকি মারা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মিটফোর্ড হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মারামারির ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটকে রেখেছিল। পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *