কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের আনুমানিক বয়স হবে প্রায় ৩০ বছর।  শনিবার দুপুরে মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাগনা চিতাখোলা সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ভাগনা চিতাখোলা এলাকার নাইট গাট মন্জু মিয়াঁ জানান, শুক্রবার রাতে অজ্ঞাত ওই যুবক উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় চোর সন্দেহে ওই যুবককে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর শরীফ আহমেদ জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরনে ছিল একটি নীল রঙের গেঞ্জি ও ছাফা রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *