কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে দুইটি কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় কোচিং সেন্টার দুইটি বন্ধ করে দেয়া হয়েছে এবং কোচিং সেন্টারের দুই শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা হলেন তৌহিদুর রহমান মৃদুল (১৯) ও শওকত হোসেন (২৯)। বৃহস্পতিবার (১৯মার্চ) সকালে আটি বাজারের নয়াবাজর এলাকায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশের সকল স্কুল,কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রেখেছেন। সরকারী নির্দেশনা অমান্য করে আটি বাজারের নয়াবজার এলাকায় দন্ডপ্রাপ্তরা কোচিং সেন্টার খোলা রেখেছে এবং অনেক ছাত্র-ছাত্রীর সমাগম ঘটিয়েছেন। তাই দেশের প্রচলিত আইনে দুই শিক্ষকের ৭দিনের কারাদণ্ড ও তাদের কোচিং সেন্টার বন্ধ করে দেয়ার আদেশ প্রদান করা হয়েছে।
